Top News

সহকর্মীদের সম্বোধন নিয়ে বিপাকে সৌম্য জ্যোতি, নতুন কী সিদ্ধান্ত নিলেন


সিনেমার প্রচারে সাংবাদিকদের সামনে চঞ্চল চৌধুরী, সৌম্য জ্যোতি ও জয়া আহসান

 মিডিয়া অঙ্গনে সহকর্মীদের সাধারণত ‘ভাই’ বা ‘আপা’ বলে সম্বোধন করার চল। সেই সম্পর্ক নিয়েই বিপাকে পড়েছেন নাট্যকার ও অভিনয়শিল্পী দম্পত্তি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির সন্তান সৌম্য জ্যোতি। মা-বাবাও তারকা হওয়ার কারণে সহকর্মীদের সম্বোধন করতে মুখে ভাই বা আপা শব্দ আনতেই পারেন না সৌম্য–দিব্য। অন্যদিকে আঙ্কেল আন্টি বলতে গেলেও বিপাকে পড়েন। এই নিয়ে প্রায়ই বেশ মজার ঘটনা ঘটে।

ঈদের সিনেমা ‘উৎসব’-এ তারিক আনাম খান, অপি করিম, জয়া আহসান, চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। সেই সিনেমার প্রচারণায় গিয়েও আবার একই বিড়ম্বনায় পড়েন সৌম্য। সিনেমাটি নিয়ে নিয়মিত বিভিন্ন সিনেমা হলের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে হয় অভিনয়শিল্পীদের। ‘সহকর্মীদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল’ সম্প্রতি এমন প্রশ্ন ঘিরে সৌম্যর সামনে আসে সম্বোধন নিয়ে মজার এক অভিজ্ঞতা।

সংবাদ সম্মেলনে ডান পাশে চঞ্চল চৌধুরী বসেছেন। বাম পাশে জয়া আহসান। দুজনের মাঝে তরুণ অভিনেতা সৌম্যকে দেখা যায়। সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌম্য বলেন, ‘আমি আসলে ভাগ্যবান। সহকর্মী হিসেবে, গুণী শিল্পীদের পেয়েছি। অভিনয়ের সময়ে আমাকে খুব বেশি কাঁপাকাঁপি করতে হয়নি। সবাই সহযোগিতা করেছে। অপি আন্টি, চঞ্চল আঙ্কেল...।’ দুই অভিনয়শিল্পীকে আঙ্কেল ও আন্টি সম্বোধন করার পরে চঞ্চল হেসে বলেন, ‘আমি আঙ্কেল।’ ততক্ষণে পাশের সবাই হেসে ওঠেন। পাশ থেকে জয়া বলেন, ‘আমাকে আন্টি বলিস না।’ তখন সৌম্য ‘জয়া’ নাম ধরেই কথা বলতে থাকেন। কিন্তু সবার হাসিতে কথা থেমে যায়। যে ভিডিও ক্লিপটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল।

Post a Comment

Previous Post Next Post